করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামীকাল (বুধবার) থেকে এক সপ্তাহের জন্য মানুষের চলাচল নিয়ন্ত্রণে বিধিনিষেধ আরোপিত থাকবে। এতে সব সরকারি-বেসরকারি অফিসের সাথে বন্ধ থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও। ব্যাংক শাখার পাশাপাশি আর্থিক সেবা দেওয়া ব্যাংকের সব উপ-শাখা, বুথ ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে।সাতদিন সারা দেশের সব ব্যাংক বন্ধ রাখার এমন সিদ্ধান্ত বাংলাদেশে এই প্রথম। ফলে এ বিষয়টি মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য রয়েছে। বিশেষ করে ব্যাংক বন্ধ থাকা অবস্থায় টাকা তোলার প্রয়োজন হলে তার সমাধান কী হবে, সে বিষয়টিই বেশি ভাবাচ্ছে মানুষকে।
এর একটা সমাধান দেওয়ার চেষ্টা করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, সব ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকলেও কিছু ব্যাংকের কয়েকটি বিশেষ শাখা খোলা রাখা যাবে।
এ ছাড়া জরুরি প্রয়োজনে এটিএম থেকে টাকা উত্তোলন করা যাবে। গ্রাহক যাতে এটিএম থেকে টাকা তুলতে পারেন তার ব্যবস্থা রাখতেও ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া রয়েছে। ব্যাংকগুলোকে বলা হয়েছে, এটিএম বুথগুলোতে নগদ অর্থের যাতে অভাব না হয় সেজন্য ব্যাংকগুলোকে ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ ব্যাংক বন্ধ থাকলেও জরুরি প্রয়োজনে এটিএম বুথ থেকে টাকা তোলার সুযোগ থাকছে।
এটিএম-এ টাকা উত্তোলনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা হবে এক লাখ টাকা। এছাড়া, অন-আস ও অফ-আস উভয়ক্ষেত্রে টাকা উত্তোলনের একক লেনদেনের ন্যূনতম পরিমাণ একই হবে।